টাকা নয়, আবর্জনা দিলেই মিলছে খাবার

টাকা নয়, আবর্জনা জমা দিলেই মিলছে খাবার ও গাছ। যেখানে-সেখানে আবর্জনা ফেলা বন্ধ করে ব্যক্তি উদ্যোগে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছে চাঁদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’। ‘আবর্জনা জমা দিন, খাদ্য ও গাছ নিন’ স্লোগানে শহরের বিভিন্ন এলাকায় বর্জ্য সংগ্রহের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে খাবার ও গাছ বিতরণ করছে সংগঠনটি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চাঁদপুর শহরের পুরান বাজার বৌ-বাজার সড়কে পৌরসভার ডাস্টবিনসংলগ্ন এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বিভিন্ন ধরনের বর্জ্য সংগ্রহ করেন সংগঠনের সদস্যরা। বিনিময়ে তাদের মধ্যে খাবার ও গাছ বিতরণ করা হয়।
সংগঠনটির প্রেসিডেন্ট অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ জানান, চাঁদপুর শহরকে পরিচ্ছন্ন ও সবুজায়ন করাই তাদের মূল লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে বিভিন্ন ধরনের সচেতনতামূলক ও বাস্তবমুখী কর্মসূচি পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, পরিবেশ বিপর্যয়ের এই সময়ে জলাশয় রক্ষা এবং বিভিন্ন রোগবালাই থেকে মানুষকে সুরক্ষিত রাখতে পরিচ্ছন্নতার বিকল্প নেই। প্রতিদিন শহরের বিভিন্ন ড্রেনে বিপুল বর্জ্য জমছে। বিশেষ করে প্লাস্টিক বর্জ্য ড্রেনে পড়ে পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা তৈরি করছে। এতে জলাবদ্ধতাসহ নানা ধরনের পরিবেশগত সমস্যা সৃষ্টি হচ্ছে।
‘ক্লিন চাঁদপুর’-এর এই সংগঠক জানান, মানুষ যাতে যেখানে-সেখানে বর্জ্য না ফেলে, সে বিষয়ে সচেতনতা তৈরিই তাদের উদ্যোগের প্রধান উদ্দেশ্য। খাবার কিংবা গাছ দেওয়া হচ্ছে মূলত মানুষকে উৎসাহিত করার জন্য। এর মাধ্যমে ব্যক্তি পর্যায়ে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি পরিবেশ রক্ষায় নাগরিকদের সম্পৃক্ত করাই তাদের লক্ষ্য।
তিনি আরও জানান, গত ১৯ সেপ্টেম্বর থেকে এই কর্মসূচি শুরু হয়েছে। পর্যায়ক্রমে চাঁদপুর পৌরসভার বিভিন্ন এলাকায় কর্মসূচিটি পরিচালনা করা হবে।
সংগঠন সূত্রে জানা যায়, ‘ক্লিন চাঁদপুর’ শুধু শহরকেন্দ্রিক নয়, জেলার বিভিন্ন এলাকাতেও সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সড়ক সংস্কারে স্বেচ্ছাশ্রম দেওয়াসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সংগঠনের সদস্যরা যুক্ত রয়েছেন। এ ছাড়া বিভিন্ন উৎসব ও দুর্যোগের সময়ও সাধারণ মানুষের পাশে দাঁড়ান সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
