logo
Advertisement

কুষ্টিয়ায় সরু খালে ব্যতিক্রমী ডিঙ্গি নৌকা বাইচ

কুষ্টিয়ায় সরু খালে ব্যতিক্রমী ডিঙ্গি নৌকা বাইচ
ফিনিশিং লাইনে পৌঁছে উচ্ছ্বাস প্রকাশ করছেন বিজয়ী দলের মাঝিরা। ছবি: এশিয়া পোস্ট

কুষ্টিয়ার খোকসায় সরু খালে ব্যতিক্রমী ডিঙ্গি নৌকা বাইচ ঘিরে উৎসবে মেতেছেন কয়েক হাজার মানুষ। খালের দুই পাড়ে দর্শকদের ভিড়, মাঝিদের বৈঠার ছন্দ আর ঢোল-বাঁশির তালে পুরো এলাকা পরিণত হয় গ্রামীণ উৎসবের মাঠে।

বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খোকসা উপজেলার জয়ন্তী হাজরা গ্রামের মধ্যপাড়া সর্দার মোড় এলাকায় অনুষ্ঠিত হয় এই নৌকা বাইচ।

স্থানীয়দের উদ্যোগে তিন দিনব্যাপী আয়োজনের শেষ দিনে অংশ নেয় আটটি দল। ছোট ছোট নৌকায় ছিলেন আট থেকে ১২ জন করে মাঝি। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় সোনার বাংলা। দ্বিতীয় হয় জোতপাড়া এক্সপ্রেস এবং তৃতীয় স্থান পায় ভাই ভাই এক্সপ্রেস।

বিজয়ী দলকে একটি ফ্রিজ, দ্বিতীয় হওয়া দলকে ৩২ ইঞ্চি টেলিভিশন এবং তৃতীয় দলকে একটি বাইসাইকেল পুরস্কার দেওয়া হয়।

বাইচ শুরুর আগেই খালের দুই পাড়ে জড়ো হন স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। নৌকা ছুটতে শুরু করলে বাড়তে থাকে উচ্ছ্বাস। কেউ মোবাইল ফোনে মুহূর্ত ধারণ করেন, কেউ আবার পছন্দের দলের পক্ষে স্লোগান ও হাততালি দেন।

নৌকা বাইচকে ঘিরে তিন দিন ধরে এলাকায় বসে গ্রামীণ মেলাও। শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষের ভিড়ে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।

স্থানীয় বাসিন্দা রূপা মল্লিকা বলেন, ‘আমরা সাধারণত নদীতে নৌকা বাইচ দেখেছি। আমাদের গ্রামের খালে এমন আয়োজন হবে, এটা ভাবতেই ভালো লাগছে। প্রথমবারের আয়োজন হওয়ায় ছোট-বড় সবাই আনন্দ করেছে।’

আয়োজকরা জানান, গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা এবং স্থানীয় মানুষের বিনোদনের জন্যই প্রথমবারের মতো এমন আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে নৌকা বাইচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

বিজয়ী সোনার বাংলা দলের এক মাঝি বলেন, ‘সরু খালে এমন আয়োজন আমাদের জন্য অনেক আনন্দের। গ্রামের মানুষ যেভাবে উৎসাহ দিয়েছে, তাতে বৈঠা চালানোর সময় আরও বেশি শক্তি পেয়েছি।’

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা খালিদ বিন মনসুর। বিশেষ অতিথি ছিলেন খোকসা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিস উজ জামান ও খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন।

ইউএনও খালিদ বিন মনসুর এশিয়া পোস্টকে বলেন, ‘এটা গ্রামবাসীর আয়োজন। তারা ছোট আকারে ডিঙ্গি নৌকা দিয়ে নৌকা বাইচ করেছে। গ্রামীণ মানুষ যেভাবে অংশ নিয়েছেন, তা প্রশংসনীয়। এখানে প্রচুর মানুষের অংশগ্রহণ ছিল।’