ফিলিং স্টেশনে হামলা করে ১৬৭ লিটার পেট্রোল লুট

রংপুরের পীরগঞ্জে একটি ফিলিং স্টেশনে হামলা চালিয়ে পেট্রোল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পাম্প কর্তৃপক্ষ।
শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের সময় দেশীয় অস্ত্রসহ অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে ফিলিং স্টেশনে অতর্কিত হামলা করে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ৬নং টুকুরিয়া ইউনিয়নের দুধিয়াবাড়ী বটপাড়া মৌজায় অবস্থিত মেসার্স উজ্জল ফিলিং স্টেশনে শুক্রবার জুমার নামাজের সময় এলাকার লোকজন মসজিদে অবস্থানকালে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসহ ফিলিং স্টেশনে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা স্টেশনে কর্মরত মিটারম্যান মো. ফরহাদ মিয়াকে মারধর করে এবং গলায় ছুরি ধরে প্রাণনাশের ভয় দেখায়। একপর্যায়ে তিনি আত্মরক্ষার্থে ভেতরে আশ্রয় নেন। এরপর হামলাকারীরা পাম্পের সুইচ চালু করে নিজেদের আনা জেরিকেন ও মোটরসাইকেলে প্রায় ১৬৭ লিটার পেট্রোল ভরে নিয়ে যায়।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, হামলাকারীরা সংঘবদ্ধভাবে এসে দ্রুত তেল নিয়ে চলে যায়। পুরো ঘটনাটি ফিলিং স্টেশনের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
জানা গেছে, মিটারম্যান মোবাইল ফোনে বিষয়টি জানালে ম্যানেজার ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে বিস্তারিত শোনেন এবং ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করেন। ফিলিং স্টেশনের মালিকের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে থানায় অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনায় মো. হানিফুল ইসলাম, মো. রাজু মিয়া, মো. সোহেল মিয়া, মো. নাহিদ মিয়া ও মো. রাসেল মিয়াসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
মেসার্স উজ্জল ফিলিং স্টেশনের ম্যানেজার মো. রুহুল আমিন (৪৩) বলেন, পেট্রোল লুটের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার নামাজের সময় ঘটনাটি সংঘটিত হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।