হজরত শাহজালালের (রহ.) ওরস শুরু, গিলাফ চড়াতে ভক্তদের ঢল

গিলাফ চড়ানোর মধ্যে দিয়ে সিলেটে হজরত শাহজালালের (রহ.) ৭০৭তম বার্ষিক ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকে মাজার এলাকায় ভক্ত-অনুরাগীদের ঢল নেমেছে। সকাল সাড়ে ৯টার দিকে প্রথমে শাহজালাল মাজার কর্তৃপক্ষের গিলাফ চড়ানোর মধ্য দিয়ে শুরু হয় ওরসের আনুষ্ঠানিকতা।
পরে দলে দলে ভক্ত-আশেকানরা গিলাফ চড়াতে মাজারে প্রবেশ করেন। এই সময় ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে মাজার এলাকা।
শুক্রবার (৮ মে) ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী এই ওরস।
ওরস উপলক্ষে এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মাজারে এসে ভিড় জমাতে শুরু করেছেন ভক্ত-অনুরাগীরা। ওরসকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
মাজারের খাদেম শামুন মাহমুদ খান বলেন, সকালে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ওরসে শতাধিক গরু ও খাসি দান হিসেবে পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আখেরি মোনাজাত শেষে শিরনি বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী ওরসের সমাপ্তি হবে। মোনাজাত পরিচালনা করবেন দরগাহ মাজার মসজিদের মোতোয়ালি ফতেউল্লাহ আল আমান।
শামুন মাহমুদ খান আরও বলেন, ওরসে আসা অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে দুই হাজারের বেশি স্বেচ্ছাসেবক নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন। এ ছাড়া মেডিকেল টিমের পাশাপাশি ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের আলাদা টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।
দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভক্তরা দলে দলে মাজারে গিলাফ, শিরনি ও নানা উপঢৌকন নিয়ে উপস্থিত হচ্ছেন। সকাল থেকে মাজার এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। ভক্তদের কণ্ঠে বারবার উচ্চারিত হচ্ছে ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগান। মাজার প্রাঙ্গণ, আশপাশের সড়ক ও প্রবেশপথজুড়ে মানুষের ভিড় বাড়তে দেখা গেছে।
মাজার সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে প্রথমে শাহজালাল মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে গিলাফ পরিবর্তন করা হয়। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও গিলাফ দেওয়া হয়েছে। এরপর ভক্ত-আশেকানরা পর্যায়ক্রমে গিলাফ চড়ান। সন্ধ্যা পর্যন্ত এই কার্যক্রম চলবে।
ওরস উপলক্ষে মাজার এলাকায় জিকির, কোরআনখানি ও বিভিন্ন ধর্মীয় আয়োজন চলছে।
ওরসকে কেন্দ্র করে মাজার এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন। মেডিকেল টিম, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সদস্যদেরও প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে, ওরস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো একটি গরু মাজার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। গত সোমবার বিকেলে তিনি মাজারের মোতাওয়াল্লি ফতেউল্লাহ আল আমানের কাছে আনুষ্ঠানিকভাবে এই উপহার তুলে দেন।