পরকীয়া সন্দেহে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুরের গাংনী উপজেলায় পারিবারিক কলহ ও বিয়েবহির্ভূত সম্পর্ক নিয়ে সন্দেহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে রেজাউল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে অতিরিক্ত ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. গোলাম কবির বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারায় এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রেজাউল ইসলাম উপজেলার ধলা গ্রামের বাসিন্দা।
আদালতের নথি ও মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৫ নভেম্বর নিজ বাড়িতে স্ত্রী জাহানারা খাতুনকে শ্বাসরোধে হত্যা করেন রেজাউল ইসলাম। হত্যার পর ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে তিনি লাশ গোপনের চেষ্টা করেন এবং স্বাভাবিক মৃত্যুর গল্প সাজান। পুলিশি তদন্তে ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে উঠে আসে, নিহত জাহানারা খাতুনের মৃত্যু শ্বাসরোধে হয়েছে।
আদালতে দেওয়া স্বীকারোক্তিতে রেজাউল ইসলাম জানান, বিয়ের ২৫ বছর পরও স্ত্রীর বিয়েবহির্ভূত সম্পর্ক সন্দেহ ও দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরেই তিনি এ হত্যাকাণ্ড ঘটান। ঘটনার পর প্রথমে বিষয়টি আড়াল করার চেষ্টা করলেও পরে তিনি স্বীকার করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বলেন, অভিযোগ যথাযথভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করেছেন।