logo

নির্বাচনে জামানত হারিয়ে দল ছাড়লেন গণসংহতির নেতা 

নির্বাচনে জামানত হারিয়ে দল ছাড়লেন গণসংহতির নেতা 

নির্বাচনে ভরাডুবির পর গণসংহতি আন্দোলন থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ময়মনসিংহ জেলা কমিটির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান রাজিব।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ শহরের নতুন বাজার এলাকায় সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। 

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ময়মনসিংহ- ৪ আসনে (সদর) মাথাল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন রাজিব। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে মাত্র ৪৬৭ ভোট পেয়ে জামানত হারান গণসংহতি আন্দোলনের এ প্রার্থী। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে গণসংহতি আন্দোলনে কেন্দ্রীয় ও জেলা কমিটির দায়িত্ব পালন করছেন। তবে এখন ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। তাই এখন থেকে গণসংহতি আন্দোলনের কোনো পদে তিনি নেই।


ময়মনসিংহ-৪ আসনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, আসনটিতে এবার রাজিব ছাড়াও প্রার্থী ছিলেন আটজন। তাদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও ময়মনসিংহ মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ১ লাখ ৭৯ হাজার ৬৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ও ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির কামরুল আহসান এমরুল পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৮৮০ ভোট। অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলনের নাসির উদ্দিন ৮ হাজার ৭০১ ভোট, জাতীয় পার্টির আবু মো. মুসা সরকার ৩ হাজার ৮৪৫ ভোট, সিপিবির এমদাদুল হক মিল্লাত ১ হাজার ৩৯৭ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির লিয়াকত আলী ৮৯২ ভোট, বাসদের (মার্কসবাদী) শেখর কুমার রায় পেয়েছেন ৭৪০ এবং ন্যাশনাল পিপলস পার্টির মো. হামিদুল ইসলাম ৩৭৩ ভোট পেয়েছেন।