logo
Advertisement

খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল আড়াই বছরের হাসানের

এশিয়া পোস্ট নিউজ, নাটোর
খেলতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ গেল আড়াই বছরের হাসানের
ঘটনাস্থলে স্বজন ও প্রতিবেশীদের ভীড়। ছবি: এশিয়া পোস্ট

নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে হাসান আলী নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

Advertisement

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার ভরতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান আলী ওই গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু হাসান নিজ বাড়ির পাশে পুকুরপাড়ে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরে তার দেহ ভাসতে দেখে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, পানিতে ডুবে আড়াই বছর বয়সি এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনাসাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।