logo

পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ

পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ
মঙ্গলবার রাত ১টার দিকে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে ধর্মঘট পালন করেছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: ভিডিও থেকে নেওয়া

শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা অবরোধ করে ধর্মঘট পালন করেছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছেলে ‘Danib Bin Iqbal’ এর ফেসবুক আইডিসহ একাধিক অ্যাকাউন্টে এ সংক্রান্ত কর্মসূচির ভিডিও ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নাওডোবা এলাকায় পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার সামনে অন্তত কয়েক হাজার নেতাকর্মী বৈঠা হাতে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেছেন। এ সময় প্রায় এক ঘণ্টা টোলপ্লাজার কার্যক্রম বন্ধ রেখে তারা অবস্থান চালান।

অবস্থানকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দও শোনা যায়। তবে এসব বিস্ফোরণ কারা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে আন্দোলনকারীদের ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নামে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

এ বিষয়ে মন্তব্য জানতে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।