logo

খুলনায় রূপসা এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত

খুলনায় রূপসা এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

খুলনা রেলওয়ে ইয়ার্ডে ওয়াশপিটে নেওয়ার সময় রূপসা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাত ৯টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। এতে বগি দুটির ১২টি চাকা লাইনচ্যুত হয়।

এ ঘটনার কারণে সীমান্ত এক্সপ্রেসের ছেড়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যদিকে ঢাকাগামী নকশীকাঁথা এক্সপ্রেসের যাত্রা দেড় ঘণ্টা বিলম্বিত হওয়ার কথা জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্রে জানা গেছে, যাত্রা শেষে রূপসা এক্সপ্রেসের খালি ট্রেনটি ধোয়ামোছার জন্য ওয়াশপিটে নেওয়া হচ্ছিল। এ সময় ইয়ার্ডের ভেতরে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে ১২টি চাকা রেললাইন থেকে ছিটকে পড়ে। ট্রেনটি খালি থাকায় এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দুর্ঘটনার ফলে খুলনা থেকে ছেড়ে যাওয়ার অপেক্ষায় থাকা সীমান্ত এক্সপ্রেসের যাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ট্রেনটি কখন ছেড়ে যাবে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া ঢাকাগামী ২৫ আপ নকশীকাঁথা এক্সপ্রেসের যাত্রা দেড় ঘণ্টা বিলম্বিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

খুলনা স্টেশন মাস্টার মোহাম্মদ জাকির হোসেন জানান, দুর্ঘটনার পরপরই রেল যোগাযোগ স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই অন্যান্য ট্রেনের চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে। তবে সীমান্ত এক্সপ্রেস ছেড়ে যেতে কিছুটা বেশি সময় লাগতে পারে।