Advertisement

গ্যারেজে কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণ, দগ্ধ শিশু শ্রমিকের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, মাদারীপুর
গ্যারেজে কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণ, দগ্ধ শিশু শ্রমিকের মৃত্যু
মানচিত্রে মাদারীপুর। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

মাদারীপুরের ডাসার উপজেলায় একটি গ্যারেজে কাজ করার সময় কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণে নিরব শরীফ নামে ১৫ বছর বয়সি এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার গোপালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিরব শরীফ পশ্চিম বনগ্রাম এলাকার বাসিন্দা হানিফ শরীফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে গোপালপুর এলাকার একটি গ্যারেজে কাজ করছিল নিরব শরীফ। এ সময় গ্যারেজে থাকা কেমিক্যালযুক্ত একটি ড্রামে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে সে গুরুতর দগ্ধ হয়। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। কেমিক্যালযুক্ত ড্রামটি কীভাবে বিস্ফোরিত হলো, তা খতিয়ে দেখছে পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।