স্কুল ক্রিকেটে দেশসেরা বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬-এর জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ। ফাইনালে তারা ৯১ রানে হারিয়েছে লোকনাথ উচ্চবিদ্যালয়কে।
রোববার (২৮ জুন) ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় ম্যাচটি।
ফাইনাল ম্যাচে আগে নেসে ব্যাট করে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ ৪৮ দশমিক ২ ওভারে সব উইকেট হারিয়ে ২৪২ রান করে।
দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেন গোলাম রসুল। ৫৩ বলে খেলা তার ইনিংসটি দলকে লড়াকু সংগ্রহ গড়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে লোকনাথ উচ্চবিদ্যালয় ৪৫ ওভারে ১৫১ রানে অলআউট হয়ে যায়। এতে ৯১ রানের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে বগুড়ার শিক্ষাপ্রতিষ্ঠানটি।
বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের বোলার আব্দুর রহমান ইরফান ১০ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। ৫৩ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন গোলাম রসুল।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফাহিম সিনহা, মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার, আসিফ রব্বানীসহ প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দিন সৈকত বলেন, জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া আমাদের শিক্ষার্থীদের জন্য গর্বের বিষয়। এই সাফল্য ভবিষ্যতে শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে।






