logo

কনস্টেবল আনোয়ার হত্যা মামলার প্রধান অভিযুক্ত ডেভিড গুলিবিদ্ধ, গ্রেপ্তার ৪

কনস্টেবল আনোয়ার হত্যা মামলার প্রধান অভিযুক্ত ডেভিড গুলিবিদ্ধ, গ্রেপ্তার ৪
পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা। ছবি: এশিয়া পোস্ট

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ডেভিড হোসেন রিয়াজ পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় পুলিশের তিন সদস্যও আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় ফতুল্লা মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত ডেভিড হোসেন রিয়াজকে গ্রেপ্তার করা হয়। এ সময় ডেভিড ও তার সহযোগীরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ডেভিড পায়ে গুলিবিদ্ধ হন। পাশাপাশি হামলায় পুলিশের তিন সদস্য আহত হন।

পরে গ্রেপ্তার ডেভিডের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগী ভাই মো. আব্দুল্লাহসহ আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। সব মিলিয়ে এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলার প্রধান অভিযুক্ত ডেভিডসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় গোলাগুলির ঘটনায় ডেভিড গুলিবিদ্ধ হন। এ ছাড়া পুলিশের কয়েকজন সদস্য হামলার শিকার হয়ে আহত হয়েছেন।

গত ২২ নভেম্বর (রোববার) রাত সাড়ে ৯টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২)। সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা অবস্থায় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ ঘটনায় পরদিন ২৩ নভেম্বর (সোমবার) ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।