Advertisement

চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ, নেত্রকোনা
চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
ছবি : সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় চুরির অভিযোগে ইমন মিয়া (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন তাকে ধরে মারধর করে গ্রামের মসজিদের সামনে বেঁধে রাখার পর তার মৃত্যু হয় বলে জানা গেছে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের গামরুলি গ্রামের পুরানবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইমন মিয়া গামরুলি গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমন মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় চুরির অভিযোগ ছিল। এসব অভিযোগের কারণে একসময় তিনি গ্রাম ছেড়ে চলে যান। তবে স্থানীয়দের দাবি, তিনি মাঝেমধ্যে গ্রামে ফিরে এসে বিভিন্ন স্থানে চুরি করে আবার পালিয়ে যেতেন।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে গামরুলি পুরানবাড়ি গ্রামের একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই ঘটনার জন্য ইমনকে সন্দেহ করা হয়। শনিবার পালিয়ে যাওয়ার সময় আঠারোবাড়ি রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করেন।

অভিযোগ রয়েছে, আটকের পর তাকে মারধর করতে করতে গ্রামে নিয়ে আসা হয়। পরে গ্রামের মসজিদের সামনে বেঁধে রাখা হলে একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।