logo

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ, ৫ দিনেও সন্ধান মেলেনি 

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী নিখোঁজ, ৫ দিনেও সন্ধান মেলেনি 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের ১৩তম ব্যাচের সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি যুক্তরাষ্ট্রে ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

জানা গেছে, তিনি বর্তমানে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিড়ায় স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রিতে অধ্যয়নরত।

নাহিদা সুলতানা বৃষ্টির বাড়ি মাদারীপুর জেলায়, তিনি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন। 

অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের সহপাঠী ও বিভাগীয় সূত্রে জানা যায়,শুক্রবার সন্ধ্যায় এক সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে যাওয়ার পর থেকেই নিখোঁজ হন নাহিদা সুলতানা। এরপর থেকে তার ও সঙ্গে থাকা ওই সহপাঠীর মোবাইল ফোন বন্ধ রয়েছেন,  পরিবারের কেউ তার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। 

এসিসিই বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী আশিকুর রহমান বিপ্লব  জানান, নিখোঁজের বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে গত রবিবার ( বাংলাদেশ সময় রাত ১১টায়) জানানো হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয় পুলিশ ও স্টেট পুলিশ যৌথভাবে খোঁজ করছে। ফোন ট্র্যাকিংয়ে সর্বশেষ অবস্থান ক্যাম্পাসের ভেতরে শনাক্ত হলেও এরপর আর কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান আশিকুর রহমান বিপ্লব ।

শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজের বিষয়টি মায়ামিতে অবস্থিত বাংলাদেশের কনস্যুলেট জেনারেলকে জানানো হয়েছে।

কনস্যুলেট সূত্রে জানা গেছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ফেডারেল ব্যাুরো অব ইনভেস্টিগেশনকে (এফবিআই) সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিকটবর্তী হাসপাতাল, বিমানবন্দর ও ডিটেনশন সেন্টারগুলোতে খোঁজ নিয়েও এখন পর্যন্ত কোনো সন্ধান পায়নি।

নাহিদা সুলতানা বৃষ্টির মামা আবদুল বাসেত জানান, গত বৃহস্পতিবার সর্বশেষ নাহিদা সুলতানার সঙ্গে তাদের কথা হয়। এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি। সহপাঠীদের কাছ থেকে বিষয়টি জানার পর পরিবার পুলিশকে অবহিত করে এবং বিভিন্ন মাধ্যমে খোঁজ নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আত্মীয়স্বজনদের মাধ্যমে খোঁজ দেওয়ার চেষ্টা করছেন তাঁরা।

পরিবার আরও জানায়, তারা যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেছে এবং সার্বিক সহযোগিতা কামনা করেছে।

এদিকে সহপাঠী, বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা নাহিদা সুলতানার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। কেউ তার সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। পরিস্থিতি দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সাবরিনা বিনতে হুমায়ন নামের এক সহপাঠী বলেন, নিখোঁজ হওয়ার খবর পেয়ে তারা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন। বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বন্ধুর নিরাপদ ফিরে আসার আশায় জন্য নিজেরাও প্রচারণা চালাচ্ছে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য না পাওয়ায় সহপাঠীদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে। পরিবার ও সহপাঠীদের মধ্যে চরম হতাশা কাজ করছে।

শাহ মো. রায়হান রাশতি নামের এক বন্ধু জানান, ছোটবেলা থেকে একসঙ্গে পড়ালেখা করেছি, ভাগ্যক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একসাথে পড়ার সুযোগ পেয়েছি। 

নোবিপ্রবির অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (এসিসিই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাতেহা নুর রুবেল নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং দ্রুত তাকে খুঁজে বের করতে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।