logo

নিয়ামতপুরে চার খুন: এক সন্দেহভাজনকে পুলিশের জিজ্ঞাসাবাদ

নিয়ামতপুরে চার খুন: এক সন্দেহভাজনকে পুলিশের জিজ্ঞাসাবাদ

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সবুজ হোসেন নামে এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর একটার দিকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান।

এর আগে এদিন সকাল আটটার দিকে উপজেলার বাহাদুরপুর গ্রাম থেকে হাবিবুর রহমান, তার স্ত্রী পপি খাতুন, ছেলে পারভেজ ও শিশুকন্যা সাদিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর কয়েক ঘণ্টার মাথায় আটক করা হয় সবুজ হোসেনকে। তিনি মান্দা উপজেলার পারনপুর গ্রামের বাসিন্দা এবং হাবিবুর রহমানের ভাগনে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে খাবার খেয়ে হাবিবুর রহমান স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার ভোরে স্থানীয় এক বৃদ্ধা তাদের বাড়ির দরজা খোলা দেখে ভেতরে গিয়ে চারজনের রক্তাক্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। নিহতদের মধ্যে তিন বছরের এক শিশুও রয়েছে।

নিয়ামতপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, সন্দেহভাজন হিসেবে সবুজ হোসেনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জমিসংক্রান্ত বিরোধ নাকি অন্য কোনো কারণ এর পেছনে রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

তিনি আরও জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।