logo

দুই বছরের নাতিকে মাটিতে ছুড়ে ফেলার অভিযোগে দাদি গ্রেপ্তার

দুই বছরের নাতিকে মাটিতে ছুড়ে ফেলার অভিযোগে দাদি গ্রেপ্তার
দুই বছরের নাতিকে মাটিতে ছুড়ে ফেলার দৃশ্য। ছবি : এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই বছরের নাতিকে মাটিতে ছুড়ে ফেলার অভিযোগে মুক্তা বেগম (৪৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দেউলভোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার মুক্তা বেগম উপজেলার তন্তর ইউনিয়নের কাননীসার গ্রামের তোফায়েল খানের স্ত্রী। তিনি শিশুটির দাদি। শিশুটির নাম নাফিন খান (২)। তার বাবা নিরব খান।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে কাননীসার গ্রামের তোফায়েল খানের বাড়ির উঠানে পারিবারিক বিরোধের একপর্যায়ে মুক্তা বেগম তার দুই বছরের নাতি নাফিন খানকে দুই হাত দিয়ে তুলে মাটিতে ছুড়ে ফেলেন বলে অভিযোগ ওঠে। এতে শিশুটির কোমরে আঘাত লাগে। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে। এরপর শিশুটির মা সোনালী আক্তার গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দেন। পরে এ ঘটনায় মামলা করা হয়।

শিশুটির মা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার শাশুড়ি মুক্তা বেগম বিভিন্ন সময় তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছেন। ঘটনার দিন ছেলেকে মাটিতে ছুড়ে ফেলার পর কান্নার শব্দ শুনে তিনি তাকে উদ্ধার করেন।

শ্রীনগর থানার পুলিশ জানায়, মামলার পর পুলিশ সুপারের নির্দেশনায় শনিবার বিশেষ অভিযান চালিয়ে দেউলভোগ এলাকা থেকে মুক্তা বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ সাগর বলেন, শিশুকে এভাবে মাটিতে আছড়ে ফেলার ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও অমানবিক। এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।