logo

বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানালেন ডা. মনীষা

বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানালেন ডা. মনীষা

বরিশাল ৫ আসনে বিজয়ী বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন ডা. মনীষা চক্রবর্ত্তী। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে মই মার্কায় ভোটপ্রদানকারীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। শনিবার এক বিবৃতিতে এসব কথা জানান ডা. মনীষা। 

বিবৃতিতে ডা. মনীষা চক্রবর্ত্তী বরিশাল-৫ আসনে মই মার্কায় ভোটপ্রদানকারী ভোটারদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। একই সঙ্গে ৫ আসনের সব জনগণকে শুভকামনা জানান। ডা. মনীষা বলেন, ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে বাসদ ১৭৬ কেন্দ্র ও পোস্টাল ভোটসহ ২২ হাজার ৪৮৬ ভোট পেয়েছে। এই সাড়ে বাইশ হাজার মানুষ প্রথাগত রাজনীতির কোটিপতি প্রার্থীদের বিপরীতে আমাদের উপর আস্থা রেখেছেন। এদের মধ্যে আছেন অনেক তরুণ ভোটার, মধ্যবিত্ত শিক্ষিত মানুষ, নারী ও শ্রমজীবী মানুষ। এই ভোটাররা শুধু একটি সংখ্যা নয়, এরা ব্যবস্থা বদলের রাজনীতির পরীক্ষিত সমর্থক বলে উল্লেখ করেন তিনি। ডা. মনীষা বলেন, এই মানুষরা প্রথাগত লুটপাট, দুর্নীতি ও সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বদল চায়। মনীষা এই পরিবর্তনের আকাঙ্ক্ষা ধারণকারী মানুষদের জন্য সামনের দিনে দ্বিগুণ গতিতে সাংগঠনিক সামর্থ্য বাড়ানোর ও সমাজ বদলের লড়াইকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী ও দলটির বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী। তার আসনে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন বরিশাল-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার।