চাঁপাইনবাবগঞ্জে নদীতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীতে নেমে দুই শিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ হয়েছেন। এর মধ্যে পদ্মা নদীতে নিখোঁজ হয়েছে দশম শ্রেণির দুই শিক্ষার্থী।
মঙ্গলবার (৩০ জুন) দুপুর থেকে তারা নিখোঁজ রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ ও চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলো সদর উপজেলার সুন্দরপুর রউফ হাজিপাড়ার জেম আলীর ছেলে রিফাত আলী (১৬) ও ইসলামপুর চর তেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা দুজনেই ওই এলাকার সুবাগ উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
এ ছাড়া মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছেন মো. সাকিরুল ইসলাম (৩৫) নামে এক যুবক। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ-আজাইপুরের রুহুল আমিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার স্কুল ছুটির পর বাড়ি না ফিরে কয়েকজন বন্ধুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে যায় রিফাত ও রাসেল। গোসলের একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানানো হয়। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৪টায় নিখোঁজ ওই দুই কিশোরকে উদ্ধারে অভিযান শুরু করে। বর্তমানে উদ্ধার কার্যক্রম চলছে।
চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নুরুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে অভিযান শুরু করেছে।
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ জানান, রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে নিখোঁজ দুই স্কুলছাত্রের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
তিনি বলেন, মহানন্দা নদীর রাবারড্যামের কাছে আরও একজন নিখোঁজের খবর পেয়েছি। তবে এখানকার উদ্ধার অভিযান শেষ হলে সেখানে যাবেন তারা।






