মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক চোরাচালানের সময় কারবারি গ্রেপ্তার

বান্দরবানের আলীকদম উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে চংলক ম্রো নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে তাকে আদলতে সোপর্দ করেছে পুলিশ।
এর আগে, বুধবার রাতে উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিদ্যামণি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন কাদাঝিরি নৌকাঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ওই এলাকায় মাদকের একটি চালান হাতবদল হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম যৌথ অভিযান চালানো হয়। ঘটনাস্থলটি ঘেরাও করে চংলক ম্রোকে আটক করা হয়। স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করা হয়। তার পরনের হাফপ্যান্টের পকেট থেকে এক হাজার ১৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার যুবক জানান, ইয়াবার চালান মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে কেনেন তিনি। পাইকারি দামে কিনে আলীকদমের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। সেখানে খুচরা কারবারি ও মাদকসেবীদের কাছে বিক্রি করার জন্য নেওয়া হচ্ছিল।
আলীকদম থানার পরিদর্শক (তদন্ত) আমজাদ হোসেন বলেন, গ্রেপ্তার চংলক ম্রোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তার নামে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। তাকে কারাগারে পাঠানোর জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।
.png)


