রংপুর মেডিকেলে সিন্ডিকেট বন্ধে পুলিশের ক্যাম্প হবে: রাশেদ খাঁন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিন্ডিকেটের দৌরাত্ম্য ও মাদক ব্যবহার বন্ধে পুলিশের ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেন, আজকের পর থেকে হাসপাতালে কোনো সিন্ডিকেটের দৌরাত্ম্য সহ্য করা হবে না। রোগী ও স্বজনদের হয়রানি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রাশেদ খাঁন।
তিনি বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনারের সঙ্গে তার কথা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ সদস্যদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে পারলে আগামীকাল থেকেই প্রয়োজন অনুযায়ী হাসপাতালে পুলিশ সদস্য মোতায়েন করা হবে বলে কমিশনার তাকে জানিয়েছেন।
রাশেদ খাঁন বলেন, হাসপাতাল ক্যাম্পাস ও এর আশপাশে মাদকের ব্যবহার এবং সিন্ডিকেট বন্ধে পুলিশ কাজ করবে। এ ক্ষেত্রে আরও সহযোগিতার প্রয়োজন হলে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। এরপরও কেউ হাসপাতালকে জিম্মি করে সিন্ডিকেট তৈরি কিংবা রোগী ও তাদের স্বজনদের হয়রানি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়েছে। এ দুটি খাত সরকারের বিশেষ গুরুত্বের মধ্যে রয়েছে। বর্তমান স্বাস্থ্যমন্ত্রীও বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করছেন।
রাশেদ খাঁন আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারি হাসপাতালগুলোর চিকিৎসাসেবায় মানুষের আস্থা ও বিশ্বাস বেড়েছে। আগামী দুই বছরের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে এমন পর্যায়ে নেওয়া হবে, যাতে রংপুর বিভাগের মানুষকে চিকিৎসার জন্য ঢাকায় যেতে না হয়। এ অঞ্চলের মানুষ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই আধুনিক চিকিৎসাসেবা পাবেন।
এ সময় রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে রাশেদ খাঁন জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত এবং তিনি যেখানে গুলিবিদ্ধ হয়েছিলেন, সেই স্থান পরিদর্শন করেন। এ ছাড়া জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে তার মতবিনিময় করার কথা রয়েছে।


