ঈদে ১০ দিন বন্ধ থাকবে ভোমরা স্থলবন্দর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বাণিজ্যিক কার্যক্রম। এ সময় দুই দেশের মধ্যে পণ্য পরিবহন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ১৮ থেকে ২৭ মার্চ পর্যন্ত ভোমরা কাস্টমস হাউসে সিএন্ডএফ এজেন্টদের সব ধরনের কার্যক্রম স্থগিত রাখা হবে।
বন্দর সূত্রে জানা গেছে, এই সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় পণ্যবাহী ট্রাক চলাচলও বন্ধ থাকবে। ছুটি শেষে আগামী ২৮ মার্চ থেকে আবার যথারীতি বন্দর কার্যক্রম শুরু হবে।
ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মামুন কবির তরফদার বলেন, ঈদের সরকারি ছুটির কারণে এ সময় পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে। ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।
তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ। ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান বলেন, পাসপোর্টধারী যাত্রীরা নিয়মিত প্রক্রিয়ায় সীমান্ত অতিক্রম করতে পারবেন।
এদিকে বাংলাদেশ কাস্টমসের কমিশনার মুশফিকুর রহমান জানান, ঈদের ছুটির সময়েও কিছু জরুরি প্রশাসনিক কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে।