গাজীপুরে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টাধাওয়া, অস্ত্রের মহড়া

গাজীপুর মহানগরীর বিটিপাড়া এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহানগরের বাসন থানাধীন বিটি পাড়া এলাকায় অবস্থিত ম্যানেল ফ্যাশন লিমিটেড কারখানার ঝুট ব্যবসা দীর্ঘদিন ধরে যুবদল নেতা নাজমুলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পরিচালনা করে আসছেন। হঠাৎ করে শনিবার সকালে চৌরাস্তা এলাকার মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি শরীফ আজাদ, বাসন থানা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম দিপু ও মান্নানের নেতৃত্বে ওই কারখানা থেকে ঝুট বের করতে গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাধা দেন। এ সময় শরীফ আজাদের অনুসারীরা পিছু হটে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে আবারও ঝুট বের করতে গেলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে ম্যানেল ফ্যাশন লিমিটেড কারখানার ঝুট ব্যবসা এলাকার বিএনপির নেতাকর্মীরা পরিচালনা করে আসছিলেন এবং এর লাভের অংশ প্রায় ৮০ নেতাকর্মীর মধ্যে ভাগ করে দেওয়া হতো। আজ অন্য একটি পক্ষ ঝুট বের করতে গেলে তাদের বাধা দেওয়া হয়।
তবে এ বিষয়ে জানতে যোগোযোগ করা হলেও শরীফ আজাদ পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাকে ফোন করলেও তিনি রিসিভ করেননি।
এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ এশিয়া পোস্টকে বলেন, ম্যানেল ফ্যাশন লিমিটেড কারখানায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে উত্তেজনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।