সালিশে চুরির দায়ে নাকে খত, অপমানে যুবকের ‘আত্মহত্যা’

হাঁস চুরির ঘটনায় বসেছিল গ্রাম্য সালিশ। সেখানে নাকে খত দেওয়ানোয় মো. মাসুম (২০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (৮ মার্চ) রাতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামে এ ঘটনা ঘটে।
মাসুম ওই গ্রামের দেওয়ানবাড়ির আলাউদ্দিন মিয়ার ছেলে। খবর পেয়ে মাসুমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
জানা গেছে, ৬ মার্চ রাতে একই গ্রামের পাটওয়ারী বাড়ির মো. নয়ন পাটওয়ারীর দুটি চীনা হাঁস এবং একটি দেশীয় প্রজাতির হাঁস চুরি হয়। নয়নের পরিবারের লোকজন জানতে পারে, হাঁসটি একই গ্রামের মো. মাসুম চুরি করে প্রতিবেশী এক নারীর কাছে বিক্রি করেছেন।
এ চুরির ঘটনায় অভিযুক্ত মাসুমের বাড়িতে রোববার দুপুরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের উপস্থিতিতে সালিশ বসে। চুরির অপরাধ স্বীকার করায় মাসুমকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং নাকে খত দেওয়ার শাস্তি দেওয়া হয়।
স্থানীয়রা বলেন, নাকে খত দেওয়ার ঘটনায় মাসুম অপমানিত বোধ করেন। তিনি পরিবারের সদস্যদের অগোচরে নিজের বসতঘরের আড়ার সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা মাসুমের মৃত্যুর বিষয়টি থানায় জানালে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
মাসুমের বাবা আলাউদ্দিন মিয়া বলেন, আমার ছেলেকে চুরির অপবাদ দিয়ে আমাদের বসতঘরে এসে মারধর করেছে নয়ন। ইউপি সদস্যের নেতৃত্বে একতরফা সালিশ করে আমার ছেলেকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। অপমান সইতে না পেরে ছেলে আত্মহত্যা করেছে। ছেলের মৃত্যুর জন্য ইউপি সদস্য, সালিশকারী ও নয়নেরা দায়ী। আমি বিচার চাই। থানায় অভিযোগ দেব।
হাঁসের মালিক নয়ন পাটওয়ারী বলেন, আমার হাঁস চুরির ঘটনা ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিকে জানালে তারা বিচার করে দিয়েছেন। রায়ে আমি সন্তুষ্ট। আমার বিরুদ্ধে আনীত মারধরের অভিযোগ সত্য নয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান বলেন, হাঁস চুরির ঘটনায় অপরাধ স্বীকার করায় মাসুমকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং পরে এমন ঘটনা না ঘটানোর জন্য নাকে খত দেওয়ানো হয়। সন্ধ্যায় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এর বাইরে আমার আর কিছু জানা নেই।
ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. হেলাল হোসেন বলেন, মাসুমের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।