logo

ফেনীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেনীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধামন্ত্রীর গাড়িবহর ফেনীতে প্রবেশের সময় স্বাগত জানাচ্ছেন নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে ফেনীর পরশুরাম এলাকায়। ছবি: এশিয়া পোস্ট

একদিনের সরকারি সফরে ফেনীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সড়কপথে তিনি ফেনীর মহিপালে ট্রাংক রোড হয়ে পরশুরাম এসে পৌঁছান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মায়ের পৈতৃক নিবাস ফেনীতে এটিই তার প্রথম সফর।

দলীয় সূত্রে জানা যায়, এদিন সকাল সাড়ে আটটায় ঢাকার গুলশানের বাসভবন থেকে সফরসঙ্গীদের নিয়ে সড়কপথে ফেনীর উদ্দেশে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী।

তার আগমন ঘিরে ফেনীর শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম এবং বিশেষ করে ফুলগাজী ও পরশুরাম এলাকায় ব্যানার-ফেস্টুন আর তোরণে সাজিয়ে তোলা হয়েছে, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

সফরের শুরুতে প্রধানমন্ত্রী পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের শুভ উদ্বোধন করবেন। এই প্রকল্পটির মাধ্যমে ফেনী অঞ্চলের দীর্ঘ দিনের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে বড় পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয়রা।

কার্যসূচিতে প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলার ‘বেগম খালেদা জিয়া মহিলা কলেজ’ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলো থেকে ‘রুফটপ সোলার’ (ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ) হতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

সফরের শেষ অংশে বিকেল তিনটায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সেখান থেকে সুবিধাভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং স্থানীয় মসজিদ ও অন্যান্য উপাসনালয়ের ধর্মীয় প্রতিনিধিদের সম্মানী দেওয়ার কর্মসূচির আনুষ্ঠানিক শুভসূচনা করার কথা রয়েছে। দিনব্যাপী এসব গুরুত্বপূর্ণ কর্মসূচি শেষে তিনি ঢাকার উদ্দেশে রওনা হবেন বলে জানা যায়।