logo

সিরাজগঞ্জে অবৈধ মজুতকৃত ২১০০ লিটার তেল জব্দ

সিরাজগঞ্জে অবৈধ মজুতকৃত ২১০০ লিটার তেল জব্দ

সিরাজগঞ্জ জেলা পুলিশ উল্লাপাড়া ও রায়গঞ্জে পৃথক অভিযান চালিয়ে পানির ট্যাংক ও একটি দোকান থেকে ২১০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুই কারবারীকে আটক করা হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) বিকেলে উল্লাপাড়া উপজেলা সলঙ্গার চড়িয়া এলাকায় মহাসড়কের পাশে মেসার্স সোহাগ এন্টারপ্রাইজ ও রায়গঞ্জের চান্দাইকোনায় তেলের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। আটক দুইজন হলেন- শাহজাদপুর উপজেলার শাহাদত হোসেন ও রায়গঞ্জ উপজেলার খিরিতলা গ্রামের প্রকাশ কুমার মাহাতো।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়ার চড়িয়া এলাকায় মহাসড়কের পাশে মেসার্স সোহাগ এন্টারপ্রাইজের তেলের অভিযান চালানো হয়। এ সময় দোকানে অবৈধভাবে মজুত রাখা ১ হাজার লিটার ডিজেল জব্দসহ শাহাদত হোসেনকে আটক করা হয়। আটক শাহাদত দোকানের ভিতর অবৈধভাবে মিনি পাম্প বসিয়ে তেল বিক্রি করছিল।

এ ছাড়াও পুলিশের আরেকটি টিম রায়গঞ্জের একটি তেলের দোকানে মিনি পাম্প বসিয়ে তেল মজুত করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে ১ হাজার লিটার ডিজেল জব্দ করেছি। একই ভাবে রায়গঞ্জের চান্দাইকোনা এলাকায় দুটি পানির ট্যাংকের মধ্যে লুকিয়ে রাখা ১১০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। দুই স্থান থেকে দুইজনকে আটক করা হয়েছে। দুটি স্থানেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

এ সময় সিরাজগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, রায়গঞ্জ  সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম, রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ আহসানুল ইসলাম এবং সলঙ্গা থানার অফিসার ইনচার্জ সাকিউল আযম উপস্থিত ছিলেন।