ট্রাকের সঙ্গে ধাক্কায় স্লিপার বাসে আগুন

কুমিল্লার দাউদকান্দিতে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে রয়েল কোচ পরিবহনের একটি দোতলা স্লিপার বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি। আগুনে বাসটির সামনের অংশসহ পুরো বাস পুড়ে গেছে।
সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকার রিলায়েবল ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রয়েল কোচ পরিবহনের বাসটি কক্সবাজার থেকে গাজীপুরের উদ্দেশে ঢাকামুখী লেনে যাচ্ছিল। এ সময় মহাসড়কে সামনে থাকা একটি ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের সূত্রপাতের পরপরই বাসের যাত্রীরা দ্রুত নেমে যান। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বাসে থাকা যাত্রীদের সংখ্যা ১০ থেকে ১২ জন বলে জানা গেছে।
ঘটনার সময় বাসের যাত্রী জসিম উদ্দিন পটিয়া থেকে গাজীপুর যাচ্ছিলেন। তিনি বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে ঘুম ভেঙে যায়। পরে দেখি সবাই বাস থেকে নেমে যাচ্ছে। আমিও দ্রুত নেমে যাই। সবাই নেমে যাওয়ার পর অন্য একটি বাসে ওঠার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় বাসটিতে আগুন ধরে যায়।
আরেক যাত্রী রহমান বলেন, একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগার পরপরই আমরা বাস থেকে নেমে যাই। কিছুক্ষণ পরই গাড়িতে আগুন ধরে যায়।
স্থানীয় টামটা গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন মোল্লা বলেন, বাসে আগুন লাগতে দেখে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান। বাসের সব যাত্রী নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। তবে আগুনের ভয়াবহতা ছিল অনেক বেশি। অল্প সময়ের মধ্যেই পুরো বাসটি পুড়ে যায়।
অনলাইনে পাওয়া রয়েল কোচের অফিশিয়াল নম্বরগুলোতে কল দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই ফারুক এশিয়া পোস্টকে বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। যাত্রীরা আগেই বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে বাসের চালক বা হেলপার কাউকে পাওয়া যায়নি। বাসটি আমরা থানায় নিয়ে আসছি। এখনো কেউ বাসটি নিতে বা যোগাযোগ করতে আসেনি।



