দায়িত্ব ফিরে পাচ্ছেন সিংগাইরের আট ইউপি চেয়ারম্যান

এশিয়া পোস্ট নিউজ, মানিকগঞ্জ
দায়িত্ব ফিরে পাচ্ছেন সিংগাইরের আট ইউপি চেয়ারম্যান
যে আট চেয়ারম্যান দায়িত্ব ফিরে পাচ্ছেন।

হাইকোর্টের নির্দেশে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাদের দায়িত্ব ফিরে পাচ্ছেন। সংশ্লিষ্ট চেয়ারম্যানদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য উপজেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ডিডিএলজি) মোহাম্মদ নাজমুল হাসান খানের স্বাক্ষরিত নির্দেশনা গত রোববার (৫ জুলাই) তার কার্যালয়ে পৌঁছেছে। সরকারি চিঠি হাতে পাওয়ার পর উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট চেয়ারম্যানদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।

দায়িত্ব ফিরে পাওয়া চেয়ারম্যানরা হলেন, তালেবপুর ইউনিয়নের মো. রমজান আলী, বায়রা ইউনিয়নের দেওয়ান মো. জিন্নাহ, চারিগ্রাম ইউনিয়নের মো. রিপন হোসেন, জয়মন্টপ ইউনিয়নের ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, চান্দহর ইউনিয়নের মো. শওকত হোসেন, ধল্লা ইউনিয়নের মোহাম্মদ জাহিদুল ইসলাম, সায়েস্তা ইউনিয়নের মো. আব্দুল হালিম এবং জামির্ত্তা ইউনিয়নের আবুল হোসেন।

তবে জামশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী কামরুজ্জামান আপাতত দায়িত্ব ফিরে পাচ্ছেন না। সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনি এখনও হাইকোর্টের রায়ের সত্যায়িত অনুলিপি (সার্টিফায়েড কপি) জমা দেননি।

জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত বছরের ৩১ জুলাই মানিকগঞ্জ জেলা প্রশাসনের এক আদেশে সিংগাইর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যানদের পরিবর্তে বিভিন্ন সরকারি কর্মকর্তাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে চেয়ারম্যানরা পৃথকভাবে হাইকোর্টে রিট আবেদন করেন।

গত ৩ মার্চ শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি রাজ্জাক আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ প্রশাসক নিয়োগকে অবৈধ ঘোষণা করে রুল জারি করেন। পরবর্তীতে ওই রায়ের আলোকে স্থানীয় সরকার বিভাগ সংশ্লিষ্ট চেয়ারম্যানদের দায়িত্ব ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়।

দায়িত্ব ফিরে পাওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্নভাবে সন্তোষ প্রকাশ করেছেন চেয়ারম্যানরা। দায়িত্ব ফিরে পাওয়ার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে সন্তোষ ও স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্ট চেয়ারম্যানগণ।

চেয়ারম্যানদের অপসারণের পর সিংগাইর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন বিভিন্ন সরকারি কর্মকর্তা।

ধল্লা ও বলধারা ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেন, তালেবপুরে প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নাদিয়া সুলতানা, সায়েস্তায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আহাদী হোসেন, চান্দহরে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুশান্ত মোদক দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া চারিগ্রামে উপজেলা শিক্ষা কর্মকর্তা সুলতানা আছমা খান, জামির্ত্তায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, জয়মন্টপে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল খালেক, জামশায় উপজেলা সমবায় কর্মকর্তা লিপিকা রানী এবং বায়রা ইউনিয়নে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ নেওয়াজ শরীফ প্রশাসকের দায়িত্ব পালন করছেন।