logo

৭ নভেম্বর ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সিপাহি-জনতার বিপ্লব: রাশেদ খাঁন

৭ নভেম্বর ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সিপাহি-জনতার বিপ্লব: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: এশিয়া পোস্ট

১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সিপাহি-জনতার বিপ্লব। দীর্ঘদিন ধরে এই দিনের প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরা হয়নি। তাই নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস পৌঁছে দিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে ঝিনাইদহ জেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, দীর্ঘ ১৮ বছর দিবসটি পালন করা সম্ভব হয়নি। বিএনপি সরকার হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবার প্রথমবারের মতো দিবসটি পালন করছে। ইতিহাস বিশ্লেষণ করে আমরা যতটুকু তথ্য পেয়েছি, তাতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সিপাহি-জনতার একধরনের প্রতিরোধ।

তিনি বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে, এটি সত্য। কিন্তু স্বাধীনতার পর বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতি ভারতের অসহযোগিতার বিষয়টিও সামনে এসেছে। বিশেষ করে শেখ মুজিবুর রহমানকে যেভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছিল, বাংলাদেশের জনগণ তা মেনে নেননি বলে তিনি মনে করেন।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, স্বাধীনতার পর একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা, গণমাধ্যমের কণ্ঠরোধ, বাক্‌স্বাধীনতা হরণ এবং ভিন্নমতের রাজনৈতিক নেতাকর্মীদের ওপর নির্যাতন ও হত্যার ঘটনা ঘটেছে। ১৯৭৫ সালের পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে ২০২৪ সালের ঘটনাপ্রবাহের তুলনা করে তিনি বলেন, ৬৯, ৯০ ও ২৪ সালে বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থান আগের দুটি গণঅভ্যুত্থানকেও ছাড়িয়ে গেছে।

১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের প্রসঙ্গ তুলে রাশেদ খান বলেন, ১৫ আগস্ট সেনা অভ্যুত্থান এবং ৩ নভেম্বর আরেকটি সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটে। ওই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গৃহবন্দি করে রাখা হয়েছিল। একই দিনে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়।

আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় চার নেতাকে হত্যার ঘটনায় জিয়াউর রহমানকে দায়ী করে যে বয়ান প্রচার করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, যে ব্যক্তি নিজেই গৃহবন্দি ছিলেন, তার নির্দেশে ওই হত্যাকাণ্ড সংঘটিত হওয়া কীভাবে সম্ভব? জাতির সামনে প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে।

রাশেদ খাঁন বলেন, ৭ নভেম্বর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সিপাহি-জনতার যে প্রতিরোধ গড়ে উঠেছিল, সেই ইতিহাস জাতিকে ভুলিয়ে দেওয়া হয়েছে। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে সেই ইতিহাস নতুন করে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ঝিনাইদহ জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে। ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেও দিবসটি উপলক্ষে র‍্যালি ও কর্মসূচি পালিত হচ্ছে। সারা দেশের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে দিবসটি পালনের আহ্বান জানান তিনি।

আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যাশা তুলে ধরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষিনির্ভর ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে উদ্যোগ নিয়েছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন। একটি কৃষিনির্ভর ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সব রাজনৈতিক দল ও জনগণকে সরকারের পাশে থাকার আহ্বান জানান তিনি।