logo

মসজিদের পুকুরের মাছ লুট নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

মসজিদের পুকুরের মাছ লুট নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জের তাড়াশে মসজিদের পুকুরের মাছ লুট করা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার (১৯ এপ্রিল) উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা সাড়ে ১১টার দিকে মাছ আত্মসাতের বিষয়ে গাবরগাড়ী জামে মসজিদ কমিটি ও গ্রামবাসী মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক গ্রুপ ও মসজিদ কমিটির সভাপতি আলহাজ মো. আলতাফ হোসেন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এর আগে, গত শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে তালম ইউনিয়ন তাঁতিদলের সভাপতি মো. এনামুল হক ও ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ১৫ থেকে ১৮ জন মানুষ প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মাছ ধরে নিয়ে যায়। খবর পেয়ে মসজিদ কমিটি পুকুর পাড়ে গিয়ে তাদের মাছ ধরতে নিষেধ করলে তারা দেশীয় অস্ত্রসহ হামলা করতে যায়। পরে মসজিদ কমিটির পক্ষে থেকে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা মাছ লুট করে নিয়ে যায়। 

এ ঘটনায় ওই রাতেই তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন গাবরগাড়ী মসজিদ কমিটির সভাপতি আলহাজ মো. আলতাফ হোসেন।

এ বিষয়ে তাড়াশ থানার তদন্ত ওসি মো. শাহ আলম এশিয়া পোস্টকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে দুপক্ষের আহতসহ ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।