সবজি ব্যবসায়ীর ছুরিকাঘাতে ফল ব্যবসায়ী নিহত

চুয়াডাঙ্গায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মধু আলী বিশ্বাস (৫২) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কবরস্থান মোড়ের মুচি বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মধু আলী একই উপজেলার আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন ক্ষুদ্র ফল ব্যবসায়ী ছিলেন।
নিহতের ছেলে শামিম হোসেন জানান, দুর্গাপুর গ্রামের সোহাগের কাছ থেকে তিনি একটি মোবাইল ফোন কিনেছিলেন। মোবাইলটির দাম বাবদ এক হাজার টাকা দেওয়ার কথা থাকলেও বিকাশের মাধ্যমে ৫০০ টাকা পরিশোধ করেন তিনি। বাকি ৫০০ টাকা নিতে শুক্রবার সন্ধ্যায় তার কাছে আসেন সোহাগ। তবে সোহাগ তার কাছে আরও ২ হাজার ৫০০ টাকা দাবি করেন।
এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ সময় সোহাগের পক্ষ নিয়ে পাশের সবজি ব্যবসায়ী মামুন ওই বিরোধে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মামুন ক্ষুব্ধ হয়ে তার বাবা মধু আলীকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় তাকে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. শামসুজ্জোহা বলেন, হাসপাতালে নেওয়ার আগেই মধু আলীর মৃত্যু হয়েছে। তার বুকের বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেছে পুলিশ। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।