Advertisement

থানার ভেতরে হাতকড়া পরে আসামির টিকটক

এশিয়া পোস্ট নিউজ, মাদারীপুর
থানার ভেতরে হাতকড়া পরে আসামির টিকটক
মাদারীপুর সদর থানার অভ্যন্তরে হ্যান্ডকাফ পরা অবস্থায় এক যুবকের টিকটক ভিডিও ধারণ। ছবি : সংগৃহীত

মাদারীপুর সদর থানায় হাতকড়া পরা অবস্থায় এক যুবকের টিকটক ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনা শুরু হয়েছে। দায়িত্বরত পুলিশ সদস্যদের উপস্থিতিতেই এমন ভিডিও ধারণ ও প্রকাশের ঘটনায় পুলিশের নজরদারি ও নিরাপত্তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

Advertisement

সোমবার (১০ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাতকড়া পরিহিত তানভীর নুসু নামের এক যুবক থানার ভেতরে দাঁড়িয়ে টিকটক ভিডিও করছেন। তার আশপাশেই ডিউটি অফিসার, একজন কনস্টেবল ও উপপরিদর্শক (এসআই) ইব্রাহিমসহ অন্য পুলিশ সদস্যরা বসা ছিলেন।

পুলিশের একটি সূত্রে জানা গেছে, প্রায় ৮ থেকে ১০ দিন আগে মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় মারামারির এক ঘটনায় তানভীর নুসুকে আটক করে থানায় আনা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হলেও পুলিশের নজর এড়িয়ে হাতকড়া পরা অবস্থাতেই তিনি ভিডিও ধারণ করেন এবং পরবর্তীতে নিজের টিকটক অ্যাকাউন্টে তা প্রকাশ করেন।

এদিকে পুলিশি হেফাজতে এবং হাতে হাতকড়া থাকা সত্ত্বেও কীভাবে ওই যুবকের হাতে মোবাইল ফোন গেল—তা নিয়ে সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একাধিক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে স্বীকার করেছেন, দায়িত্বে থাকা সদস্যদের গাফিলতির কারণেই অনাকাঙ্ক্ষিত এ ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ঘটনাটি খতিয়ে দেখতে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে উপপরিদর্শক (এসআই) ইব্রাহিমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, থানার ভেতরে টিকটক ভিডিও ধারণের বিষয়ে আমি অবগত নই। খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সার্বিক বিষয় জানতে মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাবিবুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে প্রতিবেদনে সংযুক্ত করা হবে।