ডেঙ্গুতে প্রাণ গেল চার বছরের শিশু মাইশার

রাজশাহীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাইশা খাতুন নামের চার বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ। এর আগে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
নিহত মাইশা খাতুন রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম এলাকার বাসিন্দা।
তিনি জানান, গত শনিবার ভোরে অত্যন্ত গুরুতর অবস্থায় মাইশাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু শনাক্ত হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার দ্রুত অবক্ষয় ঘটলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
এদিকে রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ অব্যাহত রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন।
বর্তমানে রামেক হাসপাতালে মোট ১১১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন, যার মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয় শ্রেণির রোগীই রয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসাসেবা প্রদানে চিকিৎসক ও নার্সদের ব্যস্ততা বেড়েছে। গুরুতর রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
