logo

রোগী রেখে ফেরার পথে প্রাণ গেল অ্যাম্বুলেন্স চালকের

রোগী রেখে ফেরার পথে প্রাণ গেল অ্যাম্বুলেন্স চালকের
দুমড়েমুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স। ছবি: এশিয়া পোস্ট

নাটোরে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক স্বপন চন্দ্র নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত স্বপন চন্দ্র বগুড়ার শেরপুর থানার ভাটরা গ্রামের মৃত গোবর্ধন চন্দ্রের ছেলে।

পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুর রহমান ও স্থানীয়রা জানান, রাতে নাটোর থেকে রোগী নিয়ে গিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন অ্যাম্বুলেন্স চালক স্বপন চন্দ্র। রোগী রেখে রাজশাহী থেকে নাটোরে ফিরছিলেন তিনি। পথে অ্যাম্বুলেন্সটি নাটোরের চাঁদপুর এলাকায় পৌঁছালে নাটোর থেকে রাজশাহীগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটায়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক স্বপন চন্দ্র নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় ট্রাক ও অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তবে দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।