logo

কুমিল্লায় সংঘর্ষ পরবর্তী তাণ্ডব, পুড়ল ঘরবাড়ি

কুমিল্লায় সংঘর্ষ পরবর্তী তাণ্ডব, পুড়ল ঘরবাড়ি

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভায় মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত বসিরের মৃত্যুর জেরে অভিযুক্তদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে একাধিক পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৩টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বৈদ্দ্যেরখিল গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, গত মঙ্গলবার রাতে বৈদ্দ্যেরখিল এলাকায় মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বসির নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। সেখানে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি মারা যান। বসিরের মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ হয়ে একটি পক্ষ অভিযুক্ত রশিদ মিয়া ও সোহেলের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করে, মূল্যবান মালামাল লুট করে এবং পরবর্তীতে অগ্নিসংযোগ করে। এতে কয়েকটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় বাসিন্দা সবুর জানান, গভীর রাতে হঠাৎ একদল লোক এসে রশিদ মিয়ার বাড়িতে হামলা চালায়। তারা ঘরে আগুন ধরিয়ে দেয় এবং ঘরের মালামাল লুট করে নিয়ে যায়। মুহূর্তেই পুরো এলাকা আতঙ্কে ভরে ওঠে।

নিহত বসিরের ভাই রাব্বি বলেন, আমার ভাইকে তারা মেরে ফেলেছে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছিল সে। আমরা তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল আমিন এশিয়া পোস্টকে জানান, সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরই এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে।