শরীয়তপুরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৬

শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে, শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার তুলাশার ইউনিয়নের দক্ষিণ গোয়ালদী এলাকায় মিছিল চলাকালে তাদের আটক করা হয়
গ্রেপ্তারকৃতরা হলেন—নাদিম সিকদার (২৭), ফারুক মাদবর (৫২), ওমর ফারুক (১৮), রাকিবুল সরদার (২০), আসিক সরদার (১৯) ও বিল্লাল সরদার (৩০)।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে তুলাশার ইউনিয়নের দক্ষিণ গোয়ালদী গ্রামের একটি সড়কে যুবলীগের নেতাকর্মী ও সমর্থকরা মিছিল বের করেন। মিছিলটির নেতৃত্বে ছিলেন শরীয়তপুর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শরীয়তপুর সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) ইকবাল হোসেন ওরফে রতন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মিছিলের খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে ছয়জনকে আটক করে পালং মডেল থানায় নিয়ে যায়। পরে রোববার আটক ৬ জনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে মিছিল চলাকালে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।



