logo

কর্মস্থলে যোগ দেননি ৫ চিকিৎসক, ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ

কর্মস্থলে যোগ দেননি ৫ চিকিৎসক, ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ছবি : এশিয়া পোস্ট

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। নিয়োগ পাওয়ার পরও দীর্ঘদিন কর্মস্থলে যোগদান না করায় পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (২৮ অক্টোবর) সকালে পূর্বঘোষণা ছাড়াই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও শৌচাগার ঘুরে দেখেন। এ সময় রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ এবং ভোগান্তির বিষয়ে সরাসরি খোঁজখবর নেন। এ ছাড়া হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং দায়িত্ব পালনের বিষয়েও খোঁজ নেন মন্ত্রী।

পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার।

তিনি বলেন, সরকারি হাসপাতালে এসে কোনো রোগী যেন চিকিৎসাবঞ্চিত না হন এবং দালাল চক্রের হয়রানির শিকার না হন, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখাও বাধ্যতামূলক।

এ সময় হাসপাতালের কিছু ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি দ্রুত সংশোধনের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি চিকিৎসাসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।