logo
Advertisement

জামিনের আসামি মুক্তি না পাওয়ায় সিনিয়র জেল সুপারকে শোকজ

জামিনের আসামি মুক্তি না পাওয়ায় সিনিয়র জেল সুপারকে শোকজ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক। ছবি: এশিয়া পোস্ট

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা এক হাজতি আসামিকে জামিন দিয়ে উচ্চ আদালতের (হাইকোর্ট) আদেশ দেওয়ার পর মুক্তি না পাওয়ায় শোকজ (কারণ দর্শানো) নোটিশ পেয়েছেন সিনিয়র জেল সুপার।

নোটিশের মাধ্যমে তার কাছে আসামিকে মুক্তি না দেওয়ার কারণ জানতে চেয়ে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এক আদেশ দেন চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের বিচারক। দুই কর্মদিবসের মধ্যে তাকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন জানান, এক দিনে দুই শতাধিক বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে কাউকে আটকে রাখার সুযোগ নেই।

ওই হাজতির নাম ইলিয়াছ হোসেন। তিনি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাধারণ সম্পাদক ও চকবাজার এলাকার বাসিন্দা।

গত ৬ জুন সন্ত্রাসবিরোধী আইনে হওয়া পৃথক তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

আসামিপক্ষের আইনজীবী এফ এম আনসার উল্লাহ জানান, গত ৭ সেপ্টেম্বর নগরের কোতোয়ালি থানার একটি মামলায় হাইকোর্ট থেকে এক বছরের অন্তর্বর্তীকালীন জামিন পান ইলিয়াছ। জামিননামার কপি নিয়মানুযায়ী নিম্ন আদালতে দাখিলের পর গত বুধবার দুপুর ১২টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষ তা গ্রহণ করে। তবে ২৪ ঘণ্টা পার হলেও তাকে মুক্তি দেওয়া হয়নি।

তিনি বলেন, ইলিয়াছের বিরুদ্ধে অন্য কোনো মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট (পি-ডব্লিউ) বা কাস্টডি ওয়ারেন্ট (সি-ডব্লিউ) পেন্ডিং ছিল না। আদালতের আদেশ পুরোপুরি অমান্য করে তাকে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে, যা স্পষ্টতই ন্যায়বিচারের পরিপন্থি।

এ বিষয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, হাজতি ইলিয়াছের নথিপত্রে হয়তো কারিগরি কোনো জটিলতা তৈরি হয়েছে। আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতকে লিখিত জবাব দেব অথবা অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য ক্ষমা চেয়ে নেব।