অগ্রাধিকার ভিত্তিতে জামালপুরে তেল পেলেন কৃষকরা

জ্বালানি নিয়ে উদ্ভূত পরিস্থিতে প্রান্তিক কৃষকদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জামালপুরের একটি তেলের ডিলার পয়েন্ট। সেখানে অগ্রাধিকার ভিত্তিতে শুধু কৃষকদের জন্য ডিজেল বিক্রি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দিনব্যাপী শহরের মেসার্স জুই এন্টারপ্রাইজ নামের ওই তেলের ডিলার পয়েন্ট কৃষকদের জন্য ডিজেল বিক্রি করা হয়।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে বিকেল কৃষকরা ডিজেল সংগ্রহ করেন। লাইনে দাঁড়িয়ে তারা চাহিদামতো তেল নেন। প্রত্যেককে ১০ লিটার করে ডিজেল দেওয়া হয়। এদিন অন্যান্য যানবাহনের জন্য জ্বালানি বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
ডিজেল কিনতে আসা স্থানীয় কৃষক আব্দুল রহিম বলেন, এর আগে লাইনে দাঁড়িয়ে কয়েক ঘণ্টা পর ৩-৪ লিটার তেল পাইতাম। তা দিয়ে ক্ষেতে পুরোপুরি সেচ দেওয়া সম্ভব হতো না। আজ শুধু কৃষকদের জন্য ডিজেল বিক্রি করায় আমরা খুব উপকৃত হয়েছি।
আরেক কৃষক মজিবর রহমান বলেন, গত কয়েক দিন ধরে ডিজেল না পেয়ে দুশ্চিন্তায় ছিলাম। এই উদ্যোগে সহজেই ডিজেল পাচ্ছি। আমাদের অনেক সুবিধা হয়েছে।
জুই এন্টারপ্রাইজের ম্যানেজার হেলাল উদ্দিন বলেন, কৃষকরা যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সহজে ডিজেল পেতে পারেন, সে লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়। বর্তমান পরিস্থিতিতে কৃষকদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যাতে কৃষিকাজ ব্যাহত না হয়। সুশৃঙ্খলভাবে সবাইকে প্রয়োজন অনুযায়ী জ্বালানি দেওয়া হচ্ছে।