গোপালগঞ্জে সাড়ে ৪ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নবাড়ি এলাকা থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৩১ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ভেন্নবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক নারীর নাম বৃষ্টি মন্ডল (১৯)। তিনি সদর উপজেলার ভেন্নবাড়ি গ্রামের অশোক মণ্ডলের মেয়ে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, উত্তর ভেন্নবাড়ি এলাকার গোপাল মণ্ডলের বন্ধ দোকান-সংলগ্ন গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে বৃষ্টি মন্ডলকে আটক করা হলে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সঞ্জয় মালো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃষ্টি মন্ডলকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বৃষ্টি মন্ডল স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে তার বড় বোন সীমা মণ্ডলের সহযোগিতায় কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে কম দামে ইয়াবা সংগ্রহ করে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পাইকারি দামে বিক্রি করতেন।
ডিবি পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোপালগঞ্জ সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
