নিজ ঘরে তিন দিন পড়ে ছিল বৃদ্ধের মরদেহ

ভোলার লালমোহনে নিজ বসতঘর থেকে মো. মাহে আলম (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার পেয়ারী মোহন এলাকার ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত মাহে আলম পেয়ারী মোহন গ্রামের মৃত আজাহার সইয়ালের ছেলে।
জানা গেছে, স্থানীয় শাহ গাজী বায়তুল জামে মসজিদের চিল্লার মুসল্লি ও স্থানীয় মুসল্লিরা বাড়ি বাড়ি গিয়ে ফজরের নামাজের জন্য দাওয়াত দেওয়ার সময় মাহে আলমের বাড়িতে যান। এ সময় ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা খোলা থাকায় ভেতরে উঁকি দিয়ে তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হয়।
স্বজন ও প্রতিবেশীরা জানান, মাহে আলমের স্ত্রী রহিমা বেগম (৩৫) তিন সন্তানকে নিয়ে পারিবারিক প্রয়োজনে প্রায় ১৫ দিন আগে তজুমদ্দিন থানার শিবপুর খাসের হাট এলাকায় তার বাবার বাড়িতে যান। এ সময় মাহে আলম নিজ বাড়িতে একাই অবস্থান করছিলেন। আনুমানিক দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
মাহে আলম শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে তিনি ঢাকার প্রাইভেট ড্রাইভিংয়ের চাকরি ছেড়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছিলেন। এর আগে তিনি দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বলেও স্বজনদের কাছ থেকে জানা গেছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে লালমোহন থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহের বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু করেছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ আইনি প্রক্রিয়া শেষে জানা যাবে।


