নদীভাঙন রোধে সরকার সোচ্চার রয়েছে: খোকন তালুকদার

নদীভাঙন রোধে সরকার সোচ্চার রয়েছে বলে জানিয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
তিনি বলেছেন, আমরা নদীভাঙন কবলিত মানুষের পাশে আছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলায় আড়িয়াল খাঁ নদীভাঙন রোধে তীর রক্ষায় বাঁধ নির্মাণ কার্যক্রম পরিদর্শনে তিনি এসব কথা বলেন।
উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের লঞ্চঘাট এলাকা দিয়ে বয়ে চলা আড়িয়াল খাঁ নদীভাঙন রোধে জরুরি ভিত্তিতে তীর প্রতি রক্ষা কর্মসূচি গ্রহণ করা হয়।
স্থানীয়দের উদ্দেশে খোকন তালুকদার বলেন, আমরা যেন সব জায়গায় জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে নদীভাঙন রোধ করতে পারি। আমাদের জন্য দোয়া করবেন।
তিনি বলেন, স্থায়ীভাবে ব্লক দিয়ে বাধ নির্মাণ করে নদীভাঙন রোধ করার চেষ্টা করা হবে। বর্তমান সরকার নদী এবং খাল এবং নদীর পাড়ের মানুষদের জীবনযাত্রার বিষয়ে সজাগ রয়েছে। নদীর তীরবর্তী বাসিন্দাদের ভালো রাখার সর্বোচ্চ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ব্যাপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সরদার, যুবদল নেতা মামুন শিকদার, কালকিনি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম হাওলাদার, বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।





