বান্দরবানে বিদ্যুৎ গেলেই অচল টেলিটক নেটওয়ার্ক

এশিয়া পোস্ট নিউজ, বান্দরবান
বান্দরবানে বিদ্যুৎ গেলেই অচল টেলিটক নেটওয়ার্ক
ছবি: এশিয়া পোস্ট

পার্বত্য জেলা বান্দরবানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই অচল হয়ে পড়ছে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর ‘টেলিটকের’ নেটওয়ার্ক। ফলে মোবাইল যোগাযোগ, ইন্টারনেট ব্যবহার, অনলাইন শিক্ষা, মোবাইল ব্যাংকিং এবং সরকারি বিভিন্ন ডিজিটাল সেবা থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা।

Advertisement

সরেজমিনে জানা যায়, বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে টেলিটকের নেটওয়ার্ক সংকট বিরাজ করছে। বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাটের সময় বিটিএসগুলো (টাওয়ার) সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় গ্রাহকরা জরুরি প্রয়োজনেও ফোনকল কিংবা ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারছেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলার বিভিন্ন টেলিটক টাওয়ারে পর্যাপ্ত ব্যাকআপ ব্যবস্থা নেই। অনেক টাওয়ারের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, আবার কিছু টাওয়ারে ব্যাটারি চুরির ঘটনাও ঘটেছে। ফলে বিদ্যুৎ বিভ্রাটের সময় টাওয়ারগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না।

বান্দরবান সদর উপজেলার বাসিন্দা রুবিনা আক্তার বলেন, বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া চলা সম্ভব নয়। কিন্তু টেলিটকের নেটওয়ার্ক এতটাই দুর্বল যে অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যম তো দূরের কথা, সাধারণ ওয়েবসাইটও খোলা যায় না।

রোয়াংছড়ির বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, দুর্গম এলাকায় অন্য অপারেটরের তুলনায় টেলিটকের সেবা অনেক দুর্বল। বিদ্যুৎ চলে গেলে ঘণ্টার পর ঘণ্টা নেটওয়ার্ক পাওয়া যায় না।

শিক্ষার্থী মারিয়া চাকমা জানান, অনলাইন ক্লাস ও শিক্ষাসংক্রান্ত বিভিন্ন কাজের জন্য ইন্টারনেট প্রয়োজন হয়। কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে গুরুত্বপূর্ণ কাজ সময়মতো সম্পন্ন করা যায় না।

স্থানীয় ব্যবসায়ী মো. আব্দুল কাদের বলেন, সরকারি অপারেটর হওয়ায় অনেক আশা নিয়ে টেলিটক ব্যবহার করি। কিন্তু বিদ্যুৎ চলে গেলে নেটওয়ার্কও চলে যায়। অনেক সময় জরুরি ফোন করতেও সমস্যায় পড়তে হয়।

এ বিষয়ে টেলিটকের বান্দরবান জেলা টেকনিশিয়ান ইন্দ্র দেব বলেন, বর্তমানে বান্দরবানে স্থাপিত টাওয়ারগুলো গ্রাহকদের চাহিদা অনুযায়ী পূর্ণাঙ্গ সেবা দিতে পারছে না। এ ছাড়া প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারী না থাকায় অনেক ক্ষেত্রে দ্রুত সমস্যা সমাধান করা সম্ভব হয় না।

তিনি জানান, জেলার বেশ কয়েকটি টাওয়ারের ব্যাটারি চুরি হয়ে গেছে। ফলে বিদ্যুৎ চলে গেলে টাওয়ারগুলো ব্যাকআপ দিতে পারে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সমস্যাগুলো সমাধানে কাজ চলছে।

টেলিটক কোম্পানির বান্দরবান জোনের ডেপুটি ম্যানেজার এবিএম শহিদুল ইসলাম বলেন, নেটওয়ার্ক সমস্যার বিষয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে দ্রুত সময়ের মধ্যে সমস্যাগুলোর সমাধান করা যায়।

নেটওয়ার্ক বিশেষজ্ঞ মিনহাজ সাব্বির বলেন, পার্বত্য অঞ্চলের মতো দুর্গম এলাকায় নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি। শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য, সরকারি সেবা এবং জরুরি যোগাযোগ ব্যবস্থা বর্তমানে অনেকাংশেই মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেটের ওপর নির্ভরশীল।