logo

জামায়াত নেতা হত্যা মামলায় এমপিসহ ৪০ আসামির জামিন

জামায়াত নেতা হত্যা মামলায় এমপিসহ ৪০ আসামির জামিন

শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি হত্যা মামলায় শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য (এমপি) মাহমুদুল হক রুবেলসহ ৪০ আসামির জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে শেরপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জহুরুল কবির এই আদেশ দেন। এর আগে ওই মামলায় উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন আাসমিরা।

জানা গেছে, শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যার ঘটনায় তার স্ত্রীর দায়ের করা হত্যা মামলায় মাহমুদুল হক রুবেলসহ ৪০ নেতাকর্মী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন। 

গত ২৮ জানুয়ারি ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে ইশতেহার মঞ্চের অনুষ্ঠানে বসা নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন জামায়াত নেতা রেজাউল করিম। পরে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

ওই ঘটনায় ৩১ জানুয়ারি নিহতের স্ত্রী মারজিয়া বাদী হয়ে মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে ঝিনাইগাতী থানায় মামলা করেন। মামলায় ২৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। 

গত ৯ এপ্রিল অনুষ্ঠিত স্থগিত হওয়া নির্বাচনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল জয়ী হন এবং ১২ এপ্রিল সংসদ সদস্য হিসেবে শপথ নেন।