কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মৃত্যু

কুমিল্লায় নাতনিতে ডাক্তার দেখিয়ে পেরার পথে ট্রেনে কাটা পড়ে একই সঙ্গে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা রেলস্টেশনের পাশের শাসনগাছা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত্যু হওয়া দাদি মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার মৃত মিজানুর রহমানের স্ত্রী জোৎস্না বেগম (৬০) এবং তার নাতনি জাহাঙ্গীর আলমের মেয়ে চাঁদনী আক্তার (১৪)।
কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ মামুনুর রশিদ এশিয়া পোস্টকে জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনটি কুমিল্লা রেলস্টেশনের প্রবেশমুখে পৌঁছালে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই দাদি ও নাতনির মৃত্যু হয়।
স্বজনরা জানান, নাতনি চাঁদনীকে চিকিৎসকের কাছে দেখাতে জোৎস্না বেগম মুরাদনগর থেকে কুমিল্লা শহরে গিয়েছিলেন। চিকিৎসা শেষে বাড়ি ফেরার জন্য বাসস্ট্যান্ডে যাওয়ার পথে তারা রেললাইন পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেসের ধাক্কায় দুজনই প্রাণ হারান।
কুমিল্লা রেলওয়ে ফাঁড়ির পরিদর্শক সোহরাব হোসেন এশিয়া পোস্টকে বলেন, দুর্ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসতর্কভাবে রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটেছে।



