logo

ঢাকা-বরিশাল মহাসড়কে লাঠিসোঁটা হাতে আ.লীগ নেতাকর্মীরা, যান চলাচল বন্ধ

ঢাকা-বরিশাল মহাসড়কে লাঠিসোঁটা হাতে আ.লীগ নেতাকর্মীরা, যান চলাচল বন্ধ
ছবি: এশিয়া পোস্ট কোলাজ

ভোরের আলো ফোটার আগেই ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে এবং দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা হাতে সড়কে অবস্থান নিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এমন অবস্থায় চরম বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রী, পরিবহনশ্রমিক ও সাধারণ মানুষ।

রোববার (২৯ নভেম্বর) ভোররাত ৪টার দিকে রাজৈর উপজেলার টেকেরহাট এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ অবরোধ করা হয়।

Advertisement

সরেজমিনে দেখা গেছে, অবরোধকারীরা সড়কের ওপর আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্রশস্ত্র দেখা গেছে। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মহাসড়কের দুই পাশে আটকা পড়েছে বিভিন্ন ধরনের যানবাহন।

ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে দখল। ছবি: এশিয়া পোস্ট
ঢাকা-বরিশাল মহাসড়কে আগুন জ্বালিয়ে দখল। ছবি: এশিয়া পোস্ট

এ কারণে গন্তব্যে পৌঁছাতে না পেরে দুর্ভোগে পড়েছেন নারী, শিশু, বৃদ্ধসহ বিভিন্ন শ্রেণি-পেশার যাত্রীরা। বিশেষ করে জরুরি কাজে বের হওয়া মানুষ ও দূরপাল্লার পরিবহনের যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

রফিক নামের যাত্রী বলেন, আমি বরিশাল থেকে ঢাকা যাচ্ছিলাম। হঠাৎ দেখি টেকের হাটে সড়কের মাঝে গাছ কেটে টায়ার জ্বালিয়ে সড়ক বন্ধ করে দেয়। পরে আমরা ভোগান্তিতে পড়ি। এ রকম ভোগান্তিতে পড়লে কখন ঢাকায় যাব? আমাদের তো কাজ করে খেতে হয়।

ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ। ছবি: এশিয়া পোস্ট
ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ। ছবি: এশিয়া পোস্ট

জাকির নামের এক চালক বলেন, গাড়ি চালাই আতঙ্কের মধ্য দিয়ে। বরিশাল থেকে ঢাকা যাচ্ছিলাম, মাদারীপুর রাজৈরে গিয়ে দেখি সড়কে এই ভয়াবহতা। পরে গাড়ি থামিয়ে এক জায়গায় রাখি। এভাবে চলতে থাকলে সড়কে বের হওয়া বড় কঠিন।

স্থানীয় ব্যক্তিদের দাবি, দ্রুত অবরোধকারীদের সরিয়ে মহাসড়কে নিরাপদে যান চলাচল নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনদুর্ভোগ ও সম্ভাব্য নাশকতা ঠেকাতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি।

এ বিষয়ে জানার জন্য রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি।