Advertisement

ধর্ষণের ঘটনা আড়াল করতে স্কুলছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ, লালমনিরহাট
ধর্ষণের ঘটনা আড়াল করতে স্কুলছাত্রীকে অপহরণচেষ্টার অভিযোগ
মানচিত্রে লালমনিরহাট। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ধর্ষণের ঘটনা আড়াল করতে নির্যাতিত স্কুলছাত্রীকে অপহরণচেষ্টার খবর পাওয়া গেছে।

ঘটনা জানিয়ে মঙ্গলবার (৭ জুলাই) রাতে আদিতমারী থানায় মামলা করেন তরুণীর বাবা।

এজাহারে উল্লেখ করা হয়, উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়িটারী গ্রামের হোসেন আলীর ছেলে মোখলেছার রহমান ফুলতলা ওই স্কুলছাত্রীকে গত ২৭ জুন ধর্ষণ করেন। গত ১ জুলাই নতুন পোশাক কিনে দেওয়ার লোভ দেখিয়ে দুই প্রতিবেশী নারীর সহায়তায় স্কুলছাত্রীকে আবার ডেকে নেন মোখলেছার রহমান। পরে স্কুলছাত্রীকে রংপুর নিয়ে গিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে ঢাকায় নিয়ে যান তিনি। সেখানে এক বন্ধুর বাসায় রেখে আবার স্কুলছাত্রীকে ধর্ষণ করা হয়।

স্কুলছাত্রী চিৎকার দিয়ে রক্তাক্ত অবস্থায় ছুটে গিয়ে বাইরের লোকজনের সহায়তা নেন। সেখানে উপস্থিত লোকজন মোখলেছার রহমানকে মারধর করে ছেড়ে দেন। স্কুলছাত্রীর কাছ থেকে বাড়ির ফোন নম্বর নিয়ে তাকে বাড়িতে পাঠিয়ে দেন স্থানীয়রা। অসুস্থ স্কুলছাত্রীকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে তার পরিবার।

স্কুলছাত্রীর বাবা বলেন, আমার মেয়েকে ধর্ষণ করে তাকে হত্যা করতে ঢাকায় নিয়েছিল। আমি অশিক্ষিত গরিব মানুষ টাকাপয়সা নেই। কোথায় গেলে ন্যায়বিচার পাব সেটাও জানি না। থানায় মামলা করেছি। আমার মেয়ের সঙ্গে অন্যায়কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মামলা করেও তাদের লোকজনের হুমকিতে আমাদের জীবন অনিরাপদ হয়ে উঠেছে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, অভিযোগ পাওয়ামাত্র আমরা ঘটনা তদন্ত করে মামলা নথিভুক্ত করেছি। বুধবার ভিকটিমকে (স্কুলছাত্রী) স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছি। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।