Advertisement

সন্তানকে স্টেশনে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

এশিয়া পোস্ট নিউজ, চুয়াডাঙ্গা
সন্তানকে স্টেশনে রেখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
দর্শনা হল্ট স্টেশন। ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনে চার বছরের কন্যাকে রেখে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নিলুফা বেগম (২৯) নামে এক নারী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাতে দর্শনা হল্ট স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত নিলুফা বেগম (২৯) চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিহিকৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। নিরব নামে তার ১০ বছরের এক ছেলে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ‘সীমান্ত এক্সপ্রেস’ ট্রেনটি দর্শনা হল্ট স্টেশনে প্রবেশের মুহূর্তে ওই নারী তার চার বছরের কন্যাকে প্ল্যাটফর্মে রেখে হঠাৎ ট্রেনের নিচে ঝাঁপ দেন। পরে স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুমূর্ষু অবস্থায় ওই নারীকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দর্শনা হল্ট স্টেশন জিআরপি ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রফিক জানান, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, ওই নারী দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন রোগে ভুগছিলেন। অতিরিক্ত মানসিক অস্থিরতা ও বিষণ্নতা থেকেই তিনি চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। ময়নাতদন্ত শেষে শনিবার দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না।