logo
Advertisement

মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি

নোয়াখালীর সুবর্ণচরের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. এরশাদ (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্দ্বীপের জাহাজমারা এলাকায় মেঘনা নদীর তীরে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় বাসিন্দারা মরদেহটি উদ্ধার করেন।

নিহত এরশাদ উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামের আবদুস সোবহানের ছেলে। তিনি পেশায় কৃষক এবং চার সন্তানের জনক ছিলেন।

নিহতের ভগ্নিপতি মো. নুর উদ্দিন জানান, এরশাদ কৃষিকাজের পাশাপাশি মেঘনা নদীতে ঠেলা জাল দিয়ে চিংড়ির পোণাসহ বিভিন্ন মাছ ধরতেন। গত রোববার মাছ ধরার উদ্দেশ্যে ঠেলা জাল নিয়ে তিনি সন্দ্বীপের জাহাজমারা এলাকার মেঘনা নদীতে যান। এরপর থেকে পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। মঙ্গলবার সকাল আটটার দিকে স্থানীয় লোকজন নদীর তীরে জালসহ তার মরদেহ ভাসতে দেখেন।

নুর উদ্দিনের ভাষ্য, এরশাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মাছ ধরার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, নিহতের স্বজনদের সঙ্গে কথা হয়েছে। তারা ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে ঘাটে ফিরছেন। সুরতহালে কোনো আঘাতের চিহ্ন না পাওয়া গেলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।