গার্মেন্টস শ্রমিকদের খোঁজখবর নিলেন সংসদ সদস্য ফজলুল হক মিলন

চলমান পরিস্থিতিতে পোশাক খাতে কর্মরত শ্রমিকদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তাদের সমস্যা ও দাবির কথা সরাসরি শুনতে গাজীপুরের বিভিন্ন গার্মেন্টস কারখানা পরিদর্শন করেছেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ.কে.এম. ফজলুল হক মিলন।
সোমবার (২ নভেম্বর) পরিদর্শনকালে শ্রমিকদের সাথে মতবিনিময় করেন গাজীপুর-৫ আসনের এই সংসদ সদস্য।
এ সময় এ.কে.এম. ফজলুল হক মিলন জানান, সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও উপযুক্ত মজুরি নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে মজুরি বোর্ড গঠন করা হয়েছে।
এ সময় কোনো ধরনের উসকানি, গুজব কিংবা বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে শ্রমিকদের ধৈর্য, সংযম ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গাজীপুরসহ দেশের কয়েকটি শিল্পাঞ্চলে বিক্ষোভ ও কর্মবিরতি চলছে। সোমবার সকালেও গাজীপুরের কোনাবাড়ী, সফিপুর, মৌচাক ও পল্লী বিদ্যুৎ এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রসূত কর্মসূচি পালন করেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একাধিক অংশে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া শ্রমিক অসন্তোষের কারণে অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের বেশ কিছু পোশাক কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

