logo

সীমান্তে পড়ে থাকা বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ

সীমান্তে পড়ে থাকা বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ
সীমান্তে পড়ে থাকা বাংলাদেশির মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ ও ইনসেটে মো. শাকিল। ছবি : এশিয়া পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের ভারতীয় অংশে পাওয়া বাংলাদেশি কিশোর মো. শাকিলের (১৪) মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বিজিবি ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করা হয়।

শাকিল আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামের আবুল বাসার ওরফে মালু মিয়ার ছেলে।

পরিবারের সদস্যদের ভাষ্য, মানসিকভাবে অসুস্থ শাকিল গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল। নিখোঁজ হওয়ার এক দিন পর শনিবার সন্ধ্যায় সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশের ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন। ঘটনার পর মরদেহটি ভারতীয় ভূখণ্ডে থাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে আলোচনা হয়। পরবর্তী সময়ে দুদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিএসএফ মরদেহটি বাংলাদেশ পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, মরদেহ গ্রহণের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। শিশুটি কীভাবে সীমান্ত এলাকায় পৌঁছেছিল এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ বলেন, মরদেহটি ভারতীয় অংশে থাকায় বিজিবি-বিএসএফ এবং দুই দেশের পুলিশের সমন্বয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এরপর বিকেলে বিএসএফ মরদেহটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে।